অপরাধ

গাজীপুরে বহুতল ভবনে আগুন: আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতিবেদক
সব খবর

গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটির ওই অংশে প্রিমিয়ার ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ভেতরে থাকা লোকজনের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ভোগড়া বাইপাস ও টঙ্গীসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আজ সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরণ মিয়া জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

সব খবর