রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি প্রদান করে নতুন নৌবাহিনী প্রধানের দায়িত্ব অর্পণ করেছে সরকার। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার রাতে জানানো হয়েছে যে, আগামী ২৩ জুলাই মিজবাহ উল আজীম আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর শীর্ষ এই দায়িত্ব বুঝে নেবেন এবং তিনি তিন বছরের জন্য এই পদে বহাল থাকবেন।
এর আগে মিজবাহ উল আজীম ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তাকে নৌবাহিনী থেকে সরিয়ে কূটনৈতিক দায়িত্ব দিয়ে মাস্কাটে পাঠানো হয়েছিল। বর্তমান বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে এনে নৌবাহিনীর নেতৃত্বের ভার তুলে দিল।
রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের শিক্ষার্থী মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন।

















