বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি সহযোগিতা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ৭ লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যায় বাড়ি-ঘর ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গরু, ছাগল ও মুরগির খামারসহ কৃষকদের ফসলেরও বড় ধরনের ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার পরিবারকে চাল এবং ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার সহায়তা প্রদান করা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকদের জন্য সার ও বীজের ব্যবস্থার কাজ কৃষি মন্ত্রণালয় শুরু করেছে। এছাড়া বন্যার পরবর্তী সময়ে বিভিন্ন রোগ-ব্যাধি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ও পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসাইন স্বাধীনসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

















