অপরাধ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৫

প্রতিবেদক
সব খবর

চট্টগ্রামের পটিয়ায় অপহৃত হওয়ার দুই দিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়া পৌরসভার গোবিন্দার খীল এলাকার পূর্বপাড়া গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে পুলিশ শিশুটির মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফাকে আটক করেছে পুলিশ। তারা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের বসতঘরের পেছন থেকেই নিখোঁজ শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তকারী সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল ৩টার দিকে ভুক্তভোগী শাহজাহানের শোবার ঘরের বিছানায় একটি হাতে লেখা মুক্তিপণের চিঠি পাওয়া যায়। চিঠিতে দাবি করা হয়, শিশুটি তাদের কাছে আছে এবং তাকে পেতে হলে ৩ লাখ টাকা ও পরিবারের যেকোনো একজনের মোবাইল আনলক করে একটি ব্যাগে ভরে বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানের ভেতর রেখে দিতে হবে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে চিঠিটি আলামত হিসেবে সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম শুরু করে।

স্বজনদের অভিযোগ, টাকার লোভেই প্রতিবেশীরা শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করেছিল। একপর্যায়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা শিশুটিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে এবং মরদেহ বস্তাবন্দি করে ময়লার ভাগাড়ে ফেলে দেয়। অথচ ঘটনার পর থেকে ওই প্রতিবেশীরা পরিবারের সঙ্গেই শিশু জায়হানকে খুঁজে বের করার নাটকীয় অভিনয় করছিল।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ভোরে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।

সব খবর