মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলের কাছাকাছি এলাকায়। এই শক্তিশালী কম্পন প্রতিবেশী গুয়েতেমালা এবং এল সালভাদরেও অনুভূত হয়েছে।
ভূমিকম্পটি আঘাত হানার পর মেক্সিকো ও গুয়েতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশ কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী সময়ে মেক্সিকোর নৌবাহিনী এক বার্তায় জানিয়েছে, পানির উচ্চতা সীমিত আকারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। গুয়েতেমালার বিভিন্ন এলাকায় ছোটখাটো ভূমিধসের খবর পাওয়া গেছে এবং কিছু অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

















