ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং পার্শ্ববর্তী কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র হামলার কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। তাসনিমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপের অন্তত তিন থেকে পাঁচটি স্থানে এই হামলা হয়েছে।
তাসনিমের অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে দ্বীপে অবস্থানরত তাদের প্রতিনিধির বরাত দিয়ে জানানো হয়, এ বিষয়ে এখনো নিরাপত্তা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক কয়েকদিন ধরেই বন্দর আব্বাস ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলার খবর বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্যমতে, শুক্রবারের হামলার পর থেকে একজন সেনাসদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া শনিবার সেন্টকম জানিয়েছে, হামলায় আহত চার মার্কিন সেনাকে জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যারা চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। সামান্য আহত অন্যান্য সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।

















