উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির প্রভাবে আবারও তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টার তথ্য অনুযায়ী, নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানিয়েছেন, পানির চাপ সামাল দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিনি আরও জানান, উজানের ঢল অব্যাহত থাকায় এবং বৃষ্টির প্রবণতা থাকায় পানির স্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
তিস্তার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোও প্লাবিত হতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়েছে।

















