স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য একটি কার্যকর নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠককালে প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলো যথাযথভাবে তুলে ধরার জন্য অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

















