ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে আপাতত সামরিক হামলা স্থগিত রাখা হলেও, এই প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযানে নামার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
বর্তমান আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং একটি পূর্ণাঙ্গ পারমাণবিক চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করা। মূলত ইরান ও ওমানের মধ্যে এই আলোচনা চললেও এর সঙ্গে কাতার, পাকিস্তান, মিসর এবং ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে বেশ গভীর আলোচনায় রয়েছি। যদি এই আলোচনা কোনো কাজে না আসে, তবে আমরা আবারও বড় ধরনের সামরিক পদক্ষেপের দিকে ফিরে যাব। কূটনীতিকে কতটুকু সময় দিতে চান এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব বেশি সময় দেওয়া হবে না; হয় এটি দ্রুত সমাধান হবে, না হয় মোটেও হবে না।
ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে মধ্যস্থতাকারী সবাই তাকে হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, তার বিশ্বাস ইরানও একটি চুক্তিতে পৌঁছাতে চায়। আলোচনার সুযোগ দেওয়া প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এতে কিছু পাওয়ারও নেই, হারানোরও কিছু নেই। তিনি উল্লেখ করেন, তার হামলা বন্ধের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারের পরিস্থিতি ঊর্ধ্বমুখী হয়েছে।

















