দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৩ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৩১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৩৭ জন, চট্টগ্রামে ১৬৯ জন, খুলনায় ৩৩৪ জন, ময়মনসিংহে ৮৪ জন, রাজশাহীতে ১১২ জন, রংপুরে ৫৫ জন এবং সিলেটে ৯ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪২ হাজার ৫৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩৯ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৯৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

















