চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী উল্লেখ করেন যে, সরকারের পক্ষ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইনের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান বাদে দেশের অন্যান্য সব জেলায় ইতোমধ্যেই প্রথম ধাপের হামের টিকা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক অগ্রগতি ও সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের বিষয়ে আলোকপাত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। গত ৬ মাসে দেশের ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করে তিনি দেখেছেন যে, প্রতিটি হাসপাতালে চিকিৎসা সেবার মান আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতির জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনি আগামী ৭ কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সঠিক ডিউটি নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের অবকাঠামোগত ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

















