বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১/১১ থেকে শুরু করে দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, তার সবকিছুই ছিল বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে। তিনি বলেন, বিএনপিকে সরিয়ে বাংলাদেশকে একটি কুক্ষিগত রাষ্ট্রে পরিণত করার দীর্ঘদিনের চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদীর তাঁত প্রশিক্ষণ ইন্সটিটিউট হল রুমে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে তারা সবসময় ন্যায়বিচার প্রত্যাশা করে।
এলজিআরডি মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতির সূচনা করেছিলেন তা ছিল মূলত উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। বর্তমান বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড তারই হাত ধরে শুরু হয়েছিল। দেশের প্রতিটি প্রান্তে এই তথ্যগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ তাদের অধিকার রক্ষায় জিয়াউর রহমান যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
ড. মঈন খান আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাপানের মতো শক্তিশালী দেশকে পেছনে ফেলে বিশ্বনেতার আসনে অধিষ্ঠিত হতে শুরু করেছিল। যখনই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, তখনই এক কুচক্রী মহল তাকে হত্যা করে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। গত ১৭ বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে উত্তরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীতে পাঁচটি ধাপের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো পুনর্গঠনে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
নরসিংদী সদর আসনের এমপি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং সংরক্ষিত আসনের সাংসদ শিরিন সুলতানা। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচিত সকল দিক ও বার্তা দলের নেতা-কর্মীদের কাছে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

















