র্যাব বিলুপ্ত করে এসআরবি (SRB) গঠনের উদ্যোগকে কেবল নতুন নামে পুরোনো বাহিনীকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে দেখছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। শুক্রবার রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডি ও সহযোগী সংগঠনের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই মন্তব্য করেন। দলের সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রবের সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি বলেন, এই ধরনের নাম পরিবর্তনের সংস্কার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, র্যাবের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের যে গুরুতর অভিযোগ রয়েছে, নতুন নামেও যদি বাহিনীর জনবল, সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা একই থাকে, তবে তা প্রকৃত সংস্কার নয়। তিনি আরও বলেন, র্যাবের নাম বদলানো নয়, বরং বাহিনীটির ক্ষমতার সংস্কৃতি বিলুপ্ত করতে হবে। কোনো আইনপ্রয়োগকারী বাহিনীই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে এসআরবির নিজস্ব হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষের বিধান নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আয়নাঘর বা গোপন বন্দিশালার দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে চাওয়া জনগণের জন্য এমন সক্ষমতা পুনর্গঠন মেনে নেওয়া যায় না।
সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র রূপান্তরের লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্রকে সংস্কারের ভিত্তি হিসেবে গ্রহণ করে জেএসডি তাদের আন্দোলন চালিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা জনগণের অধিকার ও আইনের শাসনের অধীন থাকবে, কোনো বাহিনী বা প্রতিষ্ঠান জনগণের ঊর্ধ্বে থাকবে না। নতুন নামে পুরোনো ক্ষমতার পুনর্বিন্যাস নয়, বরং জনগণের সার্বভৌমত্ব ও জবাবদিহিভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই গণঅভ্যুত্থানের মূল অঙ্গীকার বলে তিনি মন্তব্য করেন।
সভায় আরও বক্তব্য রাখেন জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, নুরুল আমিন, কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আজম খান, আনিসা রত্না, শফিকুল ইসলাম শফিক, আবুল হোসেন মিয়া, মাইনুল আলম রাজু, এস এম মনিরুজ্জামান মনির ও আরিফা আকতার বেবি প্রমুখ।

















