পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর চালানো ধারাবাহিক অভিযানে ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দাবি করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মাস্তুং, কোয়েটা, কালাত এবং সিবি জেলায় এসব অভিযান পরিচালিত হয়।
পাকিস্তানি সামরিক বাহিনীর ভাষ্যমতে, এই অভিযানে মূলত নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ভারতীয় মদদপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাকিস্তান সরকার টিটিপিকে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ এবং বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে চিহ্নিত করে থাকে। তবে এ ঘটনার বিষয়ে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, শুক্রবার মাস্তুং জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ছয়জন নিহত হয়। সেখান থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। এছাড়া কোয়েটা জেলার শাবান এলাকায় চারটি আস্তানা শনাক্ত করে চালানো অভিযানে ২৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
কালাত জেলায় আরও একটি আস্তানায় চালানো অভিযানে দুজন নিহত হয়েছে। অন্যদিকে, সিবি জেলার ভাগ এলাকায় একটি স্থানীয় পুলিশ স্টেশনে হামলার চেষ্টা প্রতিহত করার সময় সংঘর্ষে আরও দুজন প্রাণ হারিয়েছেন। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও জঙ্গি তৎপরতার কারণে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়মিত সংঘাত চলছে।

















