প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৪। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে দেশের সর্বোচ্চ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে এক সিএনজি চালককে অপহরণ ও মারধরের অভিযোগে তিন প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত সিএনজি চালক আলাউদ্দিনকে উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)। অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে একটি কালো রঙের পাজেরো জিপ, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের ভিজিটিং কার্ড ও একটি লাঠি জব্দ করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন চালক আলাউদ্দিন। এ সময় একটি পুরাতন পাজেরো গাড়ি থেকে নেমে তিন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা লাঠি দিয়ে কয়েকটি সিএনজির গ্লাস ভাঙচুর করে এবং আলাউদ্দিনকে জোরপূর্বক পাজেরো গাড়িতে তুলে নেয়। তাকে বিভিন্ন রাস্তায় ঘোরানোর সময় মারধর করা হয় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
বিষয়টি জানার পর পুলিশ ডিজিএফআইসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে নিশ্চিত হয় যে, অপহরণকারীরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। রাত সাড়ে ১২টার দিকে বিসমিল্লাহ টাওয়ারের সামনে গাড়িটির গতিরোধ করে পুলিশ তিনজনকে আটক করে। এ সময় কৌশলে অজ্ঞাতনামা একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে টার্গেট করা ব্যক্তিদের অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















