দেশের চলমান গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এই সহযোগিতা কামনা করা হয়। ফোনালাপের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংকট নিরসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, দেশের জ্বালানি সংকটের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লিখেছিলেন। সেই পত্রটি মালয়েশিয়া সফররত শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন কুয়ালালামপুরে হস্তান্তর করেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সংকট নিরসনে তার এবং তার দেশের পক্ষ থেকে যা কিছু করার সুযোগ রয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবেন। তিনি এ বিষয়ে তার টিমের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত ফিডব্যাক দেবেন। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষ যে কষ্ট পাচ্ছে তা সরকার প্রতিনিয়ত অনুভব করছে এবং এই কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করতে না পারায় ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি কমানোর জন্যই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হয়েছে। মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি এবং তাদের অভিজ্ঞতা ও রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব কি না, তা নিয়ে কাজ করছে জ্বালানি মন্ত্রণালয়। পেট্রোবাংলা ও আরপিজিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

















