ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের দায়ের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে খারিজ করে দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের এই আদেশের ফলে সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বা এমপি হিসেবে দায়িত্ব পালন করতে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকল না। একই সঙ্গে, হাইকোর্টের দেওয়া রায়, যেখানে সরোয়ার আলমগীরের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করা হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিএনপি প্রার্থীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম। অন্যদিকে, জামায়াত প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) এই আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল।
এর আগে হাইকোর্ট কর্তৃক প্রার্থিতা বৈধ ঘোষণার পর সরোয়ার আলমগীর জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

















