ইরানের হামলার ঘটনায় সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে আমিরাতের প্রেসিডেন্ট এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠিতে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন এবং একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছেন।
দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আমিরাতের প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক, উন্নয়ন এবং মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চায় তার দেশ।
চিঠিতে তিনি বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া আমন্ত্রণকে সাদরে গ্রহণ করেছেন। সুবিধাজনক প্রথম সুযোগেই তিনি সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমিরাতের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতেই বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।

















