ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম আলোচিত মুখ এবং টেলিভিশনের পরিচিত মুখ শেহজাদ পুনাওয়ালা দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
পদত্যাগের পর শেহজাদ পুনাওয়ালা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের বায়ো বা পরিচিতি পরিবর্তন করেছেন। তিনি তার বায়ো থেকে ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ অংশটি সরিয়ে দিয়েছেন। তবে তিনি নিজেকে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী’ হিসেবে উল্লেখ করেছেন। হালনাগাদ করা এই বায়োতে তিনি নিজের ধর্ম হিসেবে ইসলাম, সংস্কৃতি হিসেবে হিন্দু এবং আদর্শ হিসেবে ভারতীয় পরিচয় তুলে ধরেছেন। এছাড়া তিনি ‘জিএসটি কি যাত্রা’ নামের একটি বইয়ের লেখক হিসেবেও নিজের পরিচয় দিয়েছেন।
পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসের মাধ্যমে। ২০১৭ সালে তিনি প্রথম আলোচনায় আসেন, যখন তিনি কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সে সময় তার অভিযোগ ছিল, রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে বসানোর জন্য নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছিল।
কংগ্রেস ছাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেন এবং দলটির জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সম্প্রতি তিনি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া নিজের পুরোনো একটি সাক্ষাৎকারের ক্লিপ শেয়ার করেছেন, যেখানে তাকে বলতে শোনা যায় যে, সক্রিয় রাজনীতি থেকে সরে আসার সময় হয়েছে।
উল্লেখ্য, শেহজাদ পুনাওয়ালা সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার তাহসিন পুনাওয়ালার ছোট ভাই। কংগ্রেস ছাড়ার পর শেহজাদ যখন টেলিভিশন বিতর্কে দল ও এর নেতৃত্বের সমালোচনা শুরু করেন, তখন থেকেই দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেখা দেয়। তাহসিন পুনাওয়ালা কংগ্রেসের সমর্থক এবং নরেন্দ্র মোদি সরকারের একজন নিয়মিত সমালোচক। বর্তমানে আদর্শগতভাবে দুই ভাই বিপরীত মেরুতে অবস্থান করলেও প্রায়ই বিভিন্ন সংবাদ চ্যানেলের সরাসরি বিতর্কে তাদের মুখোমুখি হতে দেখা যায়। সেখানে তারা একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত বাক্যবিনিময় ও রাজনৈতিক কটাক্ষ করে থাকেন।

















