রাজধানীকে ডেঙ্গুমুক্ত, জলাবদ্ধতামুক্ত এবং পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে পালিত হয়েছে মাসের প্রথম শনিবারের বিশেষ ‘ক্লিনিং ডে’। এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার শাহবাগে আয়োজিত এক ব্যতিক্রমী ‘বর্জ্য শোভাযাত্রা’র উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করা সম্ভব নয়। বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকা থেকে ঢাকাকে মুক্ত করতে হলে নাগরিকদের আচরণগত পরিবর্তন জরুরি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে ডাস্টবিন স্থাপনের কাজ চলছে, তাই যত্রতত্র বর্জ্য ফেলার কোনো অবকাশ নেই। এসময় ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন রাখা এবং ড্রেনে পলিথিন বা বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি। এছাড়া মাসের প্রথম শনিবার মশা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন। পরিবেশ রক্ষায় ও অক্সিজেনের ঘাটতি পূরণে ব্যাপক হারে গাছ লাগানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শাহবাগ এলাকা থেকে একটি সুসজ্জিত সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়, যা রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা পথচারী ও নাগরিকদের মাঝে প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন। এছাড়া সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এই পরিচ্ছন্নতা অভিযানে একাত্মতা প্রকাশ করেন।

















