দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোসহ ৩টি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এই নির্দেশনাগুলো প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা, সোলার ইনভার্টার তৈরির কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল তৈরি করা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল বসানো হবে। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়বে।
সভায় আরও জানানো হয় যে, সৌর বিদ্যুৎ প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান ও লিফটের মতো বৈদ্যুতিক যন্ত্রগুলো চালানো সম্ভব। ভোক্তাদের মধ্যে আগ্রহ তৈরিতে এই প্রযুক্তির অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধাগুলো ব্যাপকভাবে প্রচার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
উক্ত সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















