দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংকটের প্রতীক হিসেবে নেতাকর্মীরা হারিকেন ও রান্নার খালি হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন।
বিক্ষোভ সমাবেশে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী দাবি করেন, বিদ্যুৎ খাতে দেশ ২০০২ থেকে ২০০৪ সালের সেই ‘খাম্বা যুগে’ ফিরে গেছে। তিনি অভিযোগ করেন, গ্রামে ১২-১৩ ঘণ্টা পর বিদ্যুৎ এলেও তা এক-দেড় ঘণ্টার বেশি স্থায়ী হয় না। এছাড়া গ্রাহকদের আগের তুলনায় তিন গুণেরও বেশি অস্বাভাবিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্যাস সংকট নিরসন না হলে তিতাসসহ জ্বালানি মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব বলেন, দেশে কোনো যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও কৃত্রিম সংকট ও লুটপাটের কারণে জনজীবন বিপর্যস্ত। তিনি অভিযোগ করেন, গত ১৬-১৭ দিন ধরে রাজধানীতে গ্যাস নেই, অথচ এই পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর রিলস বানানো অত্যন্ত লজ্জাজনক। তিনি অবিলম্বে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার দাবি জানান।
সমাবেশে সহ-সভাপতি মোহাম্মদ আবু সাঈদ বলেন, বিদ্যুৎ খাতে সিন্ডিকেটের প্রভাবে এক লাখ কোটি টাকার বেশি ব্যয় হলেও সাধারণ মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকায় দীর্ঘ এক মাস ধরে গ্যাস না থাকায় সিএনজি স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। বক্তারা গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

















