সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ইসিএভুক্ত এলাকায় নিয়ম অমান্য করে প্রবেশ করায় ছয়টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ নিষেধসহ বিভিন্ন বিধিনিষেধ সম্বলিত ১১ দফার একটি নির্দেশনা কয়েকদিন আগেই জারি করা হয়েছিল। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার অধিকাংশ হাউজবোট ইসিএভুক্ত এলাকায় প্রবেশ করে। এ ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দেশনা অমান্য করার দায়ে ছয়টি হাউজবোটকে জরিমানা করা হয়েছে। অভিযানে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

















