মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩ আগস্ট) বিকেলে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সিমবিলান প্রদেশের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার নেগরি সিমবিলান পুলিশের বরাতে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এই তথ্য নিশ্চিত করেছে।
নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের ওই বাড়িতে মারামারির ঘটনা ঘটছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লিঙ্গি থানার একটি দল দ্রুত সেখানে পৌঁছে ঘটনার সাথে জড়িত সন্দেহে আনুমানিক ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করে। প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে প্রথমে দুটি এবং পরে আরও একটি মৃতদেহ উদ্ধার করে। নিহতদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। আহত অপর বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হতাহতরা সবাই সহকর্মী ছিলেন এবং তারা একই স্থানে কাজ করার পাশাপাশি একই বাসায় বসবাস করতেন। ঘটনাটি একাধিক স্থানে সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা। বর্তমানে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড নেই জানিয়ে পুলিশ জানায়, তাকে রিমান্ডে নেওয়ার আবেদনের জন্য মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। হতাহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

















