বিদায়ী আগস্ট মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা হ্রাস পেয়েছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ, এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট কমেছে। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে সামগ্রিকভাবে মূল্যস্ফীতি কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম কমে যাওয়া। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০২ শতাংশে নেমে এসেছে, যা জুলাই মাসে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। তবে বিপরীত চিত্র দেখা গেছে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে; আগস্টে এ খাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে। জুলাই মাসে এটি ছিল ৯ দশমিক ২৮ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
আঞ্চলিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩১ শতাংশে নেমে এসেছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০১ শতাংশ হয়েছে, তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, শহরাঞ্চলে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২০ শতাংশ রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ।
মূল্যস্ফীতি হ্রাসের পাশাপাশি জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হারেও কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। আগস্ট মাসে জাতীয় পর্যায়ে মজুরি সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ২২ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। খাতভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ। তিন খাতের মধ্যে সেবা খাতেই মজুরি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল।

















