রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করেছে বলে ইসি সূত্রে জানা গেছে।
গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এই নির্বাচন আয়োজনের লক্ষে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সেই বৈঠকেই কমিশনকে ভোটার তালিকা দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
ভোটার তালিকা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসি সূত্র জানিয়েছে, এখন পরবর্তী ধাপ হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। তবে এখনো নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। নির্বাচন কমিশন খুব দ্রুতই ভোটের তারিখ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কমিশনের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।

















