ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে যে, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি ওমানের সঙ্গে তাদের চলমান আলোচনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। শনিবার ইরানের হরমোজগান প্রদেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইআরজিসি মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি এ কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের নির্ধারিত শর্তাবলি মেনে নেয়, কেবল তখনই এই নৌপথটি পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।
মোহেব্বি আরও বলেন, হরমুজ প্রণালী খোলার সিদ্ধান্ত ইরান সম্পূর্ণ স্বাধীনভাবে নেবে এবং এর জন্য তাদের নিজস্ব আইনি ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা রয়েছে। তিনি প্রণালীটির কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন, এটি কেবল একটি অর্থনৈতিক রুট নয়, বরং ইরানের ভূরাজনৈতিক সক্ষমতা ও শক্তির প্রতীক। দেশটির সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই জলপথের নিয়ন্ত্রণ ও ব্যবহার নিশ্চিত করা হয়।
আইআরজিসির এই মুখপাত্র দাবি করেন যে, প্রণালী পুনরায় চালু করার জন্য ইরান আনুষ্ঠানিকভাবে কিছু শর্ত নির্ধারণ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা অবহিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পর্কের ক্ষেত্রে বারবার বাধা ও হস্তক্ষেপ করছে। মোহেব্বির মতে, যুক্তরাষ্ট্রকে ইরানের আইনি ও যৌক্তিক শর্তগুলো মেনে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে চলমান আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ফলে এই জলপথের কার্যক্রম চালু বা সীমিত থাকার বিষয়টি কেবল ইরান কিংবা উপসাগরীয় অঞ্চলের জন্য নয়, বরং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র যখন ইরানের দাবি মেনে নেবে এবং হস্তক্ষেপের নীতি থেকে সরে আসবে, তখনই এই প্রণালী খুলে দেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (৮ আগস্ট) ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি ও এটি পুনরায় চালুর শর্ত নিয়ে বক্তব্য দেন মোহেব্বি।

















