ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদেরও বাংলাদেশে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী ভারতের হাইকমিশনারকে স্বাগত জানান এবং হাইকমিশনার গত দুই মাসে ঢাকায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বাংলাদেশ। পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হত্যাকারীদের ফিরিয়ে আনার বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল ও এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















