জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে। তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছেন, তারা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই। তবে তাদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করতে শুধু স্মরণ করাই যথেষ্ট নয়, বেঁচে থাকা প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে।
বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য কাজ করার পাশাপাশি প্রকৃতির প্রতিও দায়িত্বশীল হতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলার পাশাপাশি অন্যদেরও দেশের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ জন শহীদের পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রী নিজ হাতে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা পদক ও আর্থিক অনুদানের চেক তুলে দেন। এ সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় শিক্ষাক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।
উক্ত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০: ২৩আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২০: ২৭

















