বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৩ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২০ ডলার।
এর আগে সোমবার তেলের বাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। ওই দিন ব্রেন্ট এবং ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। এই মূল্যবৃদ্ধির ফলে ৩১ জুলাইয়ের পর তেলের দাম তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছাল।
বাজার বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাই তেলের দাম বাড়ার মূল কারণ। শান্তি চুক্তির জন্য ইরানের দেওয়া শর্তের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্পের এই কঠোর অবস্থানের ফলে ইরানের সঙ্গে সমঝোতার পথ সংকুচিত হয়েছে। এই পরিস্থিতির কারণে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা সরাসরি দামের ওপর প্রভাব ফেলছে।

















