বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। গত মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন এই আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি এবং উদ্ভাবনী খাতে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সাক্ষাতকালে স্টিফেন কার্পিন জানান, যারা এখনো কার্ড ব্যবহারের আওতার বাইরে রয়েছেন, তাদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ভিসা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে তোলার বিষয়েও তারা কাজ করতে আগ্রহী।
সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজ করার লক্ষ্যে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ের মতো সরকারি ও জনসেবামূলক খাতে ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজ উপায়ে দেশে আনার জন্য একটি কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশগ্রহণকে স্বাগত জানান এবং ডিজিটাল অর্থনীতি ও বিনিয়োগ বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকটিতে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















