প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজিত এক জনসভায় তিনি এই আহ্বান জানান। সরকারপ্রধান স্পষ্ট করে বলেন, জনগণের সমর্থনেই বিএনপি ক্ষমতায় এসেছে এবং এই আস্থার মর্যাদা রেখে দলটির পথচলা অব্যাহত থাকবে। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, যতদিন বিএনপি টিকে থাকবে, ততদিন তারা দেশের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।
জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ রাজপথে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়, অথচ সুবিধাভোগী হয় কেবল বিশৃঙ্খলাকারীরাই। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে শপথ নেওয়ার আহ্বান জানান যেন দেশের স্বার্থবিরোধী এবং উন্নয়নমূলক কাজে বাধা প্রদানকারীদের সম্মিলিত শক্তির মাধ্যমে প্রতিহত করা হয়।
তারেক রহমান উল্লেখ করেন যে, বর্তমান দেশের মানুষ শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা চায়। এসব লক্ষ্য অর্জনে ধৈর্য ধরার পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সজাগ থাকা জরুরি। তিনি ভবিষ্যতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করার কথা পুনর্ব্যক্ত করে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচির কথা তুলে ধরেন।
পাকুন্দিয়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় সংসদ সদস্য ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও মৎস্যপদক বিতরণ, শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে। সবশেষে সন্ধ্যা ৬টার দিকে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

















