শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠানো পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরি হবে না বলে স্পষ্ট জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৬ আগস্ট) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। তবে এই সফরের আগে সম্পর্কের ক্ষেত্রে যথাযথ পরিবেশ থাকাটা অপরিহার্য। বিশেষ করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় সফরকেন্দ্রিক কাঙ্ক্ষিত পরিবেশ বিঘ্নিত হয়েছে।
শহীদুল করিম আরও বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারতের কাছে নিজেদের অবস্থান ইতিমধ্যে পরিষ্কার করেছে। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকা।
বর্তমানে ভারত সরকারের পক্ষ থেকে কোনো উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। সরকার এ ক্ষেত্রে ‘বাংলাদেশ প্রথম’ নীতি অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে এবং প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির ওপর জোর দিচ্ছে।

















