ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে এবং সেবার মান উন্নত করতে একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম এ তথ্য জানান। স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবা নিয়ে এই যৌথ সভার আয়োজন করা হয়।
প্রশাসক মো. আব্দুস সালাম সভায় জানান, ট্রেড লাইসেন্স প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নাগরিকরা যেন ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ এবং নবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে কাজ চলছে।
ট্রেড লাইসেন্স জালিয়াতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি চক্র জাল ট্রেড লাইসেন্স ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, যার ফলে সিটি করপোরেশন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সাইনবোর্ড কর প্রসঙ্গে তিনি জানান, সাইনবোর্ডের কর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে প্রকৃত মাপ অনুযায়ী কর নির্ধারণ করা হলে সিটি করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মো. আব্দুস সালাম বলেন, ব্যবসায়ীদের দাবি অনুযায়ী পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়টি নিশ্চিত করা হবে এবং কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

















