পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘটা এই মর্মান্তিক ঘটনার পেছনে হোটেলের নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলাকে দায়ী করছেন ভুক্তভোগী ও অতিথিরা। তাদের অভিযোগ, ভবনটিতে একাধিক হোটেল থাকা সত্ত্বেও সেখানে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না এবং বের হওয়ার জন্য পর্যাপ্ত জায়গাও রাখা হয়নি।
ঘটনার সময় অধিকাংশ অতিথিই ঘুমে আচ্ছন্ন ছিলেন। আগুন লাগার পর আতঙ্কিত অতিথিরা হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজলেও ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যাওয়ায় বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। কেউ কেউ প্রাণ বাঁচাতে শৌচাগারে আশ্রয় নিয়ে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেছিলেন। দমকলবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৬০ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের অনেকেই ধোঁয়ায় অচেতন অবস্থায় ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি কলকাতা পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছে। এছাড়া এই ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন, যাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

















