চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প রয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনঃনির্মাণ এবং ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (১ম সংশোধন) প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেন্যান্স টেকনোলজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পটিও অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা এবং সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ (৩য় সংশোধিত) প্রকল্প, বিদ্যুৎ বিভাগের জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত) ও ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ (১ম সংশোধন) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
পাশাপাশি সভায় ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও ৯টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন, বেস্ট (১ম সংশোধিত), সুন্দরবন সুরক্ষা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ (২য় সংশোধিত), গুলশানে ভূ-গর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ, ডিপিডিসি এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন (২য় সংশোধিত), মসজিদ পাঠাগার সম্প্রসারণ (৪র্থ পর্যায়), নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার এবং কক্সবাজার ও ভাসানচরের প্রি-প্রাইমারি ও প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (১ম সংশোধন)।
সভায় পরিকল্পনা মন্ত্রী ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ০৯টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাক্সিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২. বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি এন্ড ট্রান্সফামেশন (বেস্ট) ১ম সংশোধিত প্রকল্প (৩) সুন্দরবন সুরক্ষা প্রকল্প (৪) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রীড সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প (৫) ঢাকাস্থ গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ গ্রীড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প (৬) ডিপিডিসি'র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (৭) মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (৪র্থ পর্যায়) (৮) তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার (৯) প্রি-প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইন কক্সবাজার এবং নোয়াখালীর ভাসানচর প্রকল্পের (১ম সংশোধন)।

















