বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ করেছে ১১ দলীয় ঐক্যের জোট। এই কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে আয়োজিত পথসভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম সরকারবিরোধী কঠোর অবস্থান তুলে ধরেন।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি এই মৌলিক চাহিদাগুলো পূরণে ব্যর্থ হয়, তবে তাদের গদি ছাড়তে বাধ্য করা হবে।
বক্তব্যে তিনি ছয় দফা দাবির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবি অত্যন্ত যৌক্তিক। তিনি অনতিবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। চট্টগ্রাম অভিমুখী এই লংমার্চ সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

















