রাজনীতি

জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের

প্রতিবেদক
সব খবর

জামায়াতে ইসলামীর ঘোষিত লংমার্চের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে চরম জনভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই কর্মসূচির ফলে বিপুল পরিমাণ জ্বালানি অপচয় হচ্ছে, যা দেশের বর্তমান সংকটকে আরও ঘনীভূত করছে।

রাশেদ খান উল্লেখ করেন, জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোটের এই কর্মসূচিতে সাধারণ মানুষের কোনো আগ্রহ বা অংশগ্রহণ নেই। তিনি দাবি করেন, বিরোধী জোটটি বড় অঙ্কের দেশি-বিদেশি অর্থ বিনিয়োগ করেও জনগণকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে, যার ফলে নেতাদের মুখে এখন স্পষ্ট হতাশার ছাপ দেখা যাচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকটের বিষয়ে সাধারণ মানুষ সচেতন উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত ১৮ থেকে ২০ বছরের দীর্ঘদিনের অব্যবস্থাপনার দায় মাত্র ছয় মাসের একটি সরকারের ওপর চাপানোর চেষ্টা পুরোপুরি মূর্খতার শামিল। বর্তমান সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, বিরোধী দলের ঘোষিত ছয় দফা দাবির প্রতি জনগণের কোনো আগ্রহ নেই। তিনি অভিযোগ করেন, লংমার্চের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো দেশের প্রধান অর্থনৈতিক ধমনী অবরুদ্ধ রাখা হয়েছে এবং প্রতিদিন প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল অপচয় করা হচ্ছে। এর ফলে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে রাষ্ট্রীয়ভাবে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

পোস্টের শেষ অংশে রাশেদ খান অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা হাসিল এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জামায়াত সাধারণ জনগণের ওপর এই অহেতুক আন্দোলন জোরপূর্বক চাপিয়ে দিয়েছে।

সব খবর