সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোট পড়ে, যার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
রাজনৈতিক জীবনের দীর্ঘ পরিক্রমায় বাম ঘরানার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল ভাসানী ন্যাপের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন এবং দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভারও সদস্য ছিলেন।
গত বুধবার বিএনপির সংসদীয় দলের সভায় যোগ দিয়েছিলেন মির্জা ফখরুল, যা ছিল তার শেষ সভা। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথে তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে এবং এখন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

















