বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লিতে অবস্থান করতে পারেন। এর আগে ধারণা করা হয়েছিল যে, তিনি ২১ আগস্ট ভারত সফরে যাবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে চলমান টানাপড়েনের প্রেক্ষাপটে এই সফরের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে।
তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে শুক্রবার একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি হবে না। তবে বিজ্ঞপ্তিটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেয়া হয়। শুক্রবার বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে নতুন একটি বিবৃতিতে জানানো হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য যে, নয়াদিল্লি কিংবা ঢাকা—কোনো পক্ষই এখন পর্যন্ত তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শেষ পর্যন্ত ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনেই তার সফরের নতুন সম্ভাব্য তারিখের তথ্য উঠে এসেছে।

















