দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এলাকা জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, স্মৃতিসৌধে পৌঁছানোর পর বিনম্র শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করবে। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবতা পালন করবেন তিনি। সবশেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে তিনি প্রাঙ্গণ ত্যাগ করবেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের আগে শুক্রবার দুপুরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তিনি।

















