চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ রোববার বিকালে এই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেন। তিনি জানান, শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার সূচি অনুমোদিত হয়েছে।
অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে আয়োজিত এই পরীক্ষায় শিক্ষার্থীরা মোট ৪০০ নম্বরের ওপর অংশগ্রহণ করবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি, ১৩ ডিসেম্বর রোববার গণিত এবং ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ের প্রতিটির পরীক্ষা ১০০ নম্বরে এবং তিন ঘণ্টা সময় নিয়ে অনুষ্ঠিত হবে। শেষ দিন বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের, যার জন্য সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা। অর্থাৎ প্রতিটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা দেড় ঘণ্টা সময় পাবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রে ওএমআর ফর্মের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকলেও মোবাইল ফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কারো কাছে মোবাইল ফোন থাকা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

















