নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগ, ভালোবাসা এবং সেই সময়ের উন্মাদনার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত এই চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী হওয়ায়, তার দুই দিন আগেই সিনেমাটি দর্শকদের সামনে আনার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ইতিমধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে। নির্মাতা সূত্র জানিয়েছে, সিনেমাটির নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের প্রেক্ষাপট সঠিকভাবে ফুটিয়ে তোলার বিষয়টি সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে। নির্মাতা ইভান মল্লিক বলেন, সিনেমাটি সেন্সর বোর্ডের প্রশংসা পাওয়ায় এটি নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। বরং এতে সালমান শাহর ভক্তদের আবেগ এবং নব্বইয়ের দশকের সেই সোনালী সময়কে ফিরে দেখার চেষ্টা করা হয়েছে।
সিনেমার গল্পে সেই সময়ের নস্টালজিয়া দারুণভাবে ফুটে উঠেছে। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড কেনা কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনার মতো স্মৃতিগুলো এখানে উঠে এসেছে। সেই সময় ঢালিউডে জনপ্রিয়তার শিখরে ছিলেন সালমান শাহ, যা সিনেমার অন্যতম প্রধান উপজীব্য।
রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিন প্রযোজিত এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা এবং সিমান্ত খন্দকার।

















