ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান রোকন তথ্য-প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ‘ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ: গণমাধ্যমের করণীয়’ শীর্ষক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ করে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি বিনষ্ট করা কাম্য নয়। কোনো ব্যক্তি অপরাধ করলে তা গণমাধ্যমে তুলে ধরার সুযোগ রয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের কাছ থেকে দায়িত্বশীল আচরণের প্রত্যাশা করেন।
সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে জড়িয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রুকুনোজ্জামান রোকন বলেন, অস্তিত্বহীন তথ্যের দায় চাপিয়ে সংবাদ প্রকাশ অপসাংবাদিকতার শামিল। তিনি গণমাধ্যমের কাছে সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রত্যাশা করেন। এ সময় তিনি নগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ‘রেডজোন’ শব্দটির ব্যবহারের সমালোচনা করে বলেন, এ ধরনের শব্দ পাঠক সমাজে আতঙ্ক তৈরি করে, যা গণমাধ্যম কর্তৃপক্ষের বিবেচনায় রাখা উচিত।
প্রশাসক আরও জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বস্তিবাসীর দুর্দশা লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধনের ওষুধ ছিটানো হচ্ছে এবং বস্তিবাসীর জীবনযাত্রার মান আগের চেয়ে উন্নত হয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া নগরীতে নতুন কোনো বাড়ি নির্মাণ করা যাবে না।
ক্লাবের চিকিৎসা উপকমিটির আহ্বায়ক সাংবাদিক নিয়ামুল কবীর সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও ডেঙ্গু ফোকাল পারসন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খান। তিনি বয়স্ক, গর্ভবতী, কিডনি ও ডায়াবেটিস রোগীদের ডেঙ্গু ঝুঁকি বেশি উল্লেখ করে আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেন। অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা, মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম এবং প্রেসক্লাব সদস্য মীর গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

















