দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বাজেটের মধ্যে শক্তিশালী ফিচারের সমন্বয়ে নতুন স্মার্টফোন ‘হেলিও ৬২’ বাজারে নিয়ে এসেছে হেলিও মোবাইল। ১৮ হাজার ৯৯৯ টাকা মূল্যের এই হ্যান্ডসেটটিতে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬ জিবি র্যাম এবং আইপি৬৪ সুরক্ষা মান যুক্ত করা হয়েছে।
হেলিও’র সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম জানান, বাজেট ফোন কিনলেই ব্যবহারকারীদের প্রয়োজনীয় ফিচারের সঙ্গে আপস করতে হয়—এই প্রচলিত ধারণাটি পরিবর্তনের লক্ষ্যেই মূলত হেলিও ৬২ মডেলটি তৈরি করা হয়েছে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চির পাঞ্চ-হোল আইপিএস ডিসপ্লে, যার ব্রাইটনেস ৮০০ নিটস এবং এতে রয়েছে আয়রন গার্ড প্রটেকশন। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট ও ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি ৬ জিবি ফিজিক্যাল ও ৬ জিবি ভার্চুয়াল র্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ডিভাইসটির অন্যতম প্রধান আকর্ষণ এর বিশাল ৭০০০ এমএএইচ ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সহায়তায় মাত্র ৪৩ মিনিটে ফোনটি ৫০ শতাংশ এবং ১ ঘণ্টা ৪৫ মিনিটে পুরোপুরি চার্জ করা সম্ভব। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য সামনে যুক্ত করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ১৬-চালিত এই স্মার্টফোনে ডুয়াল স্পিকার, এনএফসি, জাইরোস্কোপ, ফেস আনলক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো আধুনিক সব ফিচার রয়েছে। টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন ও সিল্ক গ্রিন—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। এছাড়া গ্রাহকরা এর সঙ্গে পাচ্ছেন ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা।

















