দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই ৭ শিশুর মৃত্যু হামের উপসর্গের কারণে হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়নি। এই নতুন সাতজনসহ হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯৫০ জনে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৮৫১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭১ শিশুর শরীরে হাম বা হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৩ জন এবং উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ জন শিশু।
হাসপাতালগুলোতে রোগীদের চাপের বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৯৫৪ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জন, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জন। এই সময়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।

















