শিক্ষা

বাংলাদেশ-চীন শিক্ষা বিনিময়ে মেলবন্ধন আরও শক্তিশালী হবে: মাহ্দী আমিন

প্রতিবেদক
সব খবর

বাংলাদেশ ও চীনের মধ্যে জনযোগাযোগ এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে এডুকেশন এক্সচেঞ্জ বা শিক্ষা বিনিময়কে মূল মাধ্যম হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (২৬ আগস্ট) চীনের গুয়াংঝৌর সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন এক্সচেঞ্জ সম্মেলন’-এ তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে মেলবন্ধন স্থাপনে শিক্ষার বিনিময় সবচেয়ে কার্যকর। এতে যেমন বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবে, তেমনি চীনা শিক্ষার্থীরাও বাংলাদেশে এসে সামার স্কুলসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।

এর আগে সকালে অনুষ্ঠিত চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতাবিষয়ক সভায় চারটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা এবং কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। সম্মেলনে মাহ্দী আমিন চীনের বর্তমান শিক্ষা ব্যবস্থার সুবিধার কথা তুলে ধরে জানান, চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চীনা প্রতিষ্ঠানগুলোর সাথে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

উপদেষ্টা শুধু শিক্ষার্থী বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যৌথ গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দেন। তিনি বলেন, চীনের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাঙ্কিং ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগাতে যৌথ ল্যাব শেয়ারিং প্রয়োজন। বিশেষ করে কারিগরি শিক্ষা ও পলিটেকনিক খাতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণে কাজে লাগালে তা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়া তিনি বাংলাদেশে ‘চীনা ভাষা কেন্দ্র’ গড়ে তোলার প্রস্তাব দেন, যা দক্ষ শিক্ষক ও উন্নত শিক্ষাসামগ্রীর মাধ্যমে একাডেমিক যোগাযোগকে আরও সুসংগঠিত করবে। দীর্ঘমেয়াদী একাডেমিক সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ের জন্য তিনি চীনা সরকারি ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর শিক্ষাগত অংশীদারত্বের আহ্বান জানান। তিনি যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামসহ বিভিন্ন বৃত্তিমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলে আরও ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

চীনের পক্ষে গুয়াংডং প্রদেশের শিক্ষা বিভাগের প্রাদেশিক প্রধান পরিদর্শক জু শিমিন, এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন অফিসের উপ-পরিচালক ঝো লিউইউ, চীন-বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সমিতির সহসভাপতি প্রকৌশলী শেখ কোরবান আলীসহ বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন তিন দিনের সরকারি সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন।

সব খবর