গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার একটি আদর্শ গন্তব্য বা ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি মনে করেন, বিদেশি শিক্ষার্থীদের কেবল অন্য দেশ থেকে আগত হিসেবে বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচয় ও ভবিষ্যৎ অগ্রযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আসা বিএস, এমএস এবং পিএইচডি পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপাচার্য বলেন, আমরা বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে একটি ‘গ্লোবাল মাইন্ডস’ বা বৈশ্বিক মানসিকতা গড়ে তুলতে চাই। তবে এর প্রধান শর্ত হলো গাকৃবিকে বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করা। তিনি আশা প্রকাশ করেন যে, এমন একটি পরিবেশ তৈরি করা সম্ভব হবে যেখানে শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতার আদান-প্রদান করতে পারবেন।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া ‘সবুজ গাকৃবি: শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শীর্ষক আলোচনায় অংশ নেন। তিনি জানান, গাজীপুর জেলা প্রশাসন ও কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে গাজীপুরকে আরও সবুজ ও দূষণমুক্ত করার লক্ষ্যে কাজ করছে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম এবং ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা নিয়ে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকরা তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন উপস্থিত ছিলেন। সবশেষে নৈশভোজ ও গ্রুপ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

















