জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। ১. আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করা হয়েছে। ২. এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
একইসঙ্গে পৃথক একটি অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব বহাল থাকবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, এসব কর্মকর্তাদের যেসব কর্মস্থলে পদায়ন করা হয়েছে, সেখানে যদি অন্য কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকেন, তবে তার সেই অতিরিক্ত দায়িত্ব বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের পূর্ববর্তী পদের দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

















