সুইজারল্যান্ডের আরগাউ ক্যান্টনের রাজধানী আরাউ শহরের শাখেন এলাকার ঘোড়দৌঁড়ের মাঠে আয়োজিত ‘আরাউ রেভ ভলিউম ৭’ অনুষ্ঠানে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার রাত আড়াইটার কিছু পরে ঘটা এ ঘটনায় ২২ বছর বয়সী এক তরুণী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে এবং তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আহতদের পরিচয় বা জাতীয়তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে তারা সবাই সুইজারল্যান্ডে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পর অনেকে প্রথমে সেগুলোকে আতশবাজি ভেবে ভুল করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গান বন্ধ হওয়ার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ডিজে মঞ্চের আড়ালে আশ্রয় নেন। স্থানীয় এক বাসিন্দা টেলি এমওয়ানকে জানান, তিনি মেশিনগানের গুলির মতো শব্দ শুনেছেন। ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, ঘটনাস্থল থেকে ফেরার পথে তিনি এক ব্যক্তিকে তার ভাতিজার দিকে অস্ত্র তাক করতে দেখেছিলেন। অন্য একজন প্রত্যক্ষদর্শী জানান, তার চোখের সামনেই এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান, তাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আরগাউ পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে ফরেনসিক আলামত সংগ্রহ করছে এবং উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। হামলাকারীদের শনাক্ত করতে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ছবি ও ভিডিও চাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী বা হামলাকারীদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। তাদের ধরতে সশস্ত্র পুলিশ, বিশেষায়িত নিরাপত্তা দল এবং একটি সুপার পুমা সামরিক হেলিকপ্টার ব্যবহার করে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি বসানো হয়েছে।
ঘটনার উদ্দেশ্য বা কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। প্রাথমিক তদন্তে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো পূর্ব বিরোধ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানের আয়োজক আরগাউ রেসিং ক্লাব নিহত তরুণীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং গুজব না ছড়ানোর অনুরোধ করেছে। সুইজারল্যান্ডে এমন প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা বিরল হওয়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জনগণকে সতর্ক থাকার এবং সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

















